উত্তেজনা, নাটকীয়তা আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর একটি মৌসুম শেষে আজ শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে ফাইনালের আগে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এবারের বিপিএলের ট্রফি। এই ট্রফি উন্মোচনের মুহূর্তটিকে স্মরণীয় করে তুলতে আকাশপথে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ও নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
এবারের ট্রফিটি ঘিরে আগে থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। জানা গেছে, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রফিটি ফাইনালের আগ পর্যন্ত গোপন রাখা হয়েছিল, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা চলছিল। আজকের জমকালো আয়োজনে সেই অপেক্ষার অবসান ঘটছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টেডিয়ামে থাকছে আলোকসজ্জা, সংগীত ও নানা বিনোদন আয়োজন। দর্শকদের উৎসবমুখর পরিবেশে ফাইনাল উপভোগের আহ্বান জানিয়েছে বোর্ড।
মাঠের খেলায় চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে পরাজিত করে ফাইনালে উঠে আসে রাজশাহী। সব হিসাব-নিকাশ ছাপিয়ে আজ মিরপুরে নির্ধারিত হবে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

