AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টসের সময় হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫০ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

টসের সময় হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের পর এবার বাংলাদেশ–ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’ ঘটনা দেখা গেছে। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি।

আজ কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে একে অপরকে এড়িয়ে যেতে দেখা যায়। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর প্রচলিত রীতি অনুসরণ করা হয়নি, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম থাকলেও টসের সময় তিনি প্রস্তুত না থাকায় জাওয়াদ আবরারকে পাঠানো হয়। টসে জিতে বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

আইসিসির বয়সভিত্তিক সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। দুই দলের এই ম্যাচ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ–ভারত ক্রীড়াসহ সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের ভেন্যুতে নির্ধারিত হওয়ায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে।

ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। এ ছাড়া আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের অভ্যন্তরীণ প্রতিবেদনে ভারত সফর নিয়ে ঝুঁকির বিষয়টি উঠে আসার কথাও জানা গেছে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতের ভেন্যুতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

এই অবস্থার মধ্যেই বাংলাদেশ–ভারত অনূর্ধ্ব–১৯ ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। যদিও ক্রিকেটে ‘হ্যান্ডশেক’ বাধ্যতামূলক কোনো নিয়ম নয়, তবে দীর্ঘদিন ধরেই এটি খেলাধুলার সৌজন্যমূলক রীতি হিসেবে প্রচলিত।

এর আগে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ভারত একই অবস্থান নেয়। সে সময় টসের সময় এবং ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর বিষয়টি আগেই জানিয়ে দেয় ভারত। ওই টুর্নামেন্টে ভারত–পাকিস্তানের তিন ম্যাচেই এই রীতি অনুসরণ করা হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!