রেকর্ড যেন বিরাট কোহলির নিত্যসঙ্গী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি গড়েছেন আরেকটি ঐতিহাসিক কীর্তি।
ভাদোদারায় ওই ম্যাচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই ব্যাটিং তারকা। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে থাকা শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন কোহলি।
মাত্র ৬২৪ ইনিংস খেলেই ২৮ হাজার রান পূর্ণ করেন তিনি। যেখানে শচিন টেন্ডুলকারের এই কীর্তিতে লেগেছিল ৬৪৪ ইনিংস, আর শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার প্রয়োজন হয়েছিল ৬৬৬ ইনিংস। অর্থাৎ শচিনের তুলনায় ২০ এবং সাঙ্গাকারার চেয়ে ৪২ ইনিংস কম খেলেই এই মাইলফলক ছুঁলেন কোহলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের ইনিংসের মধ্য দিয়ে কোহলি ছাড়িয়ে যান সাঙ্গাকারার আন্তর্জাতিক ক্যারিয়ারের মোট ২৮ হাজার ১৬ রানের রেকর্ডও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে তার সামনে রয়েছেন কেবল শচিন টেন্ডুলকার।
ম্যাচের আগে ২৮ হাজার রানে পৌঁছাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। ইনিংসের ১২তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে সেই মাইলফলক পূর্ণ করেন তিনি। এরপর ১৮তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বল থেকে এক রান নিয়ে সাঙ্গাকারাকেও পেছনে ফেলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান
বিরাট কোহলি – ৬২৪ ইনিংস
শচিন টেন্ডুলকার – ৬৪৪ ইনিংস
কুমার সাঙ্গাকারা – ৬৬৬ ইনিংস
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

