আসন্ন বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৯ জন ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে খেলা চার ক্রিকেটারও রয়েছেন—এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম এবং শফিউল ইসলাম।
শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত বিসিবির চূড়ান্ত নিলাম তালিকায় তাদের নাম পাওয়া যায়নি।
এ ছাড়া বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান, মনির হোসেন খান এবং বয়সভিত্তিক দলের এক ক্রিকেটার।
বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা কিছু ক্রিকেটার ফিক্সিং সন্দেহে বাদ পড়বেন। তবে কারা ঠিক কোন কারণে বাদ পড়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।
নিলামের চূড়ান্ত তালিকায় আরও কয়েকজনের নাম নেই, কারণ তারা ইতোমধ্যে সরাসরি বিভিন্ন দলের সঙ্গে চুক্তি করেছেন। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম যেমন রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামীকাল রেডিসন ব্লুতে বসবে বিপিএল নিলামের আসর। বিকেল ৩টায় শুরু হওয়া এই নিলামে প্রতিটি দলকে অন্তত ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি খেলোয়াড় দলে নিতে হবে। সরাসরি চুক্তির মাধ্যমে সর্বোচ্চ ২ জন স্থানীয় এবং ২ জন বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানো যাবে। একাদশে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা থাকবে সর্বোচ্চ ৪ এবং সর্বনিম্ন ২।
সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল ২৬ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

