বিপদজ্জনক হওয়ার আগেই অ্যামি হান্টারকে ফিরিয়ে জুটি ভেঙেছেন রাবেয়া খান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের সংগ্রহ ২১ ওভারে ২ উইকেটে ৬৭ রান। গ্যাবি লুইস ৩৮ ও ওরলা প্রেন্ডারগাস্ট এক রানে ক্রিজে আছেন।
স্পিনার রাবেয়ার বলে সুইপ করতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি হান্টার। মিডল স্টাম্পের উপর নিচু হয়ে যাওয়া বলটি তার শরীরে লাগলে আম্পায়ার লেগ বিফোরের আবেদনে সাড়া দেন। হান্টারের ইনিংস ২৩ রানে থামে।
এর আগে দলীয় ৯ রানের মাথায় আইরিশরা হারায় প্রথম উইকেট। অফব্রেক বোলার সুলতানা খাতুনের ডেলিভারিটি স্বাভাবিকের চেয়ে বেশ নিচু হয়ে গিয়েছিল। সুইপ করতে গিয়ে ব্যর্থ সারাহ ফোর্বসের ব্যাটের কোণায় বল লেগে স্টাম্পে আঘাত হানে।
প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাঘিনীরা। আইরিশদের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ১৭ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে। আজকের ম্যাচে জিতলে পাকিস্তানকে টপকে সাত উঠবে বাঘিনীরা। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

