পবিত্র রমজান মাস শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গে বাড়ছে ঈদুল ফিতর ঘিরে মানুষের প্রতীক্ষা। কবে উদযাপিত হবে এই বড় ধর্মীয় উৎসব—এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় দেশবাসী।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। সে হিসাবে বাংলাদেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। এ লক্ষ্যে আগামী ১৯ মার্চ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
জানা গেছে, জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং সেদিনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হতে পারে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের পরের দিন ঈদ পালিত হয়। সে অনুযায়ী ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ও সম্ভাব্য তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার প্রস্তুত করেছে। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর—এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

