পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজযাত্রীদের ফিরতি যাত্রা।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এছাড়া দেশে ফেরা প্রত্যেক হাজিকে বিমানবন্দরে ৫ লিটার করে জমজমের পানি প্রদান করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
এবার হজ পালন শেষে ধাপে ধাপে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশি হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

