রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইনের আওতায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হাসপাতাল প্রাঙ্গণে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব অনিয়মের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত জরিমানার আদেশ দেন।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

