সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ মে) রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, ‘জুলাই সনদের বিভিন্ন ধাপে আমরা অংশগ্রহণ করেছি এবং কিছু বিষয়ে দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত স্বাক্ষর করেছি। তবে এখন সব প্রস্তাব বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ—এই দুটি বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। আমাদের মতে, সব ধরনের সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। তবে তার দাবি, কিছু রাজনৈতিক শক্তি সংস্কারের নামে ভিন্ন উদ্দেশ্যে আন্দোলন করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। দেশকে এগিয়ে নিতে হলে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশে অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের কারণে সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। তার অভিযোগ, গত দেড় দশকে অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি বেড়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা এবং শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ অন্যরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

