ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মামুনুল হক। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাস ঢাকা-এ গিয়ে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং সমবেদনা জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন। শোক প্রকাশের পর উভয় পক্ষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সংক্ষিপ্ত সাক্ষাতে মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতি অতিক্রম করে ইরান দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। অন্যদিকে ইরান দূতাবাসের পক্ষে কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভিও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং মুসলিম বিশ্বের শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

