বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের পর উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলো।”
এর আগে গুঞ্জন ছিল, জিয়া পরিবারের কেউ বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে অংশ নিতে পারেন। তবে পরে সিদ্ধান্ত হয়, জিয়া পরিবারের কেউ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি ঢাকার এলাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন যুক্ত হলে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২। অপরদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান করছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন এবং ১টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

