বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। বর্তমান পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করতে পারেন। সেই অনুযায়ী আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সিইসি পাঠ করাবেন বলে তিনি মন্তব্য করেন।
সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করানোর কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এ ধরনের পরিষদের শপথ আয়োজন করতে হলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে এবং কে শপথ পাঠ করাবেন, সেটিও স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যেই যেকোনো সংস্কার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

