বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর অংশের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে এসব জনসভা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
দলটির দেওয়া সূচি অনুযায়ী, বেলা ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন তিনি।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যার দিকে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল এলাকায় অবস্থিত সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান। রোববার ও সোমবার এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, এসব জনসভার মাধ্যমে বিএনপি চেয়ারম্যান সরাসরি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

