আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ইশতেহারের মূল বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানের শুরুতে ওলামা দলের আহ্বায়ক পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে আনুষ্ঠানিকভাবে দলীয় ইশতেহার ঘোষণা করল বিএনপি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’—এই মূলনীতির আলোকে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার তুলে ধরা হয়েছে ইশতেহারে।
ইশতেহারে মোট পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের রূপরেখা, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা, তৃতীয় অধ্যায়ে বর্তমান ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও জাতীয় সংহতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন–২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের আলোকে এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন।
পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আহ্বান জানান। ইশতেহার পাঠের আগে তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

