বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসনের নির্বাচন পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. নাসির উদ্দীন।
সমাবেশে জামায়াত আমির বলেন, কওমি মাদরাসাগুলোই ইসলামি শিক্ষাকে যুগ যুগ ধরে সংরক্ষণ করে আসছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মসজিদ থেকে ইমাম ও খতিবদের সরিয়ে দেওয়ার যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটিরও কোনো ভিত্তি নেই। বরং জামায়াত সুযোগ পেলে প্রতিটি মসজিদ পরিচালনা কমিটিতে ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা হবে, যাতে মসজিদের মর্যাদা ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়।
ডা. শফিকুর রহমান বলেন, তিনি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে রাজনীতিতে দাঁড়িয়েছেন। গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের শিকার পরিবারগুলোর বিচার নিশ্চিত না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদির মতো নিহতদের হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার এখনো সম্পন্ন না হওয়াকে জাতির জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন এবং এসব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

