বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি সবাইকে মনে করিয়ে দেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, যারা বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা শত হাজার মানুষকে হত্যা করেছে এবং গুম-মামলার জেরে জনগণকে দমন করেছে। তবে ২০২৪ সালের গণতন্ত্রকামীদের ত্যাগ ও ৫ আগস্টের ঘটনায় স্বাধীনতার রক্ষা সম্ভব হয়েছে।
চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের আহ্বান জানান। তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষা ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিক স্বাবলম্বী করার পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি।
দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান তিনি। এর আগে ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত শুরু করেন। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মাঠের পাশের ফুটপাথ ও সড়ক পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেন।
১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
দুপুরে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেন। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা উপস্থিত থাকেন। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও মঞ্চের পাশে ছিলেন।
গতকাল বুধবার রাতে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে নির্বাচনি বক্তব্য দেন। তিনি ভোট চান ধানের শীষ প্রতীকে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

