কড়াইল বস্তিবাসীর জন্য মর্যাদার সঙ্গে মাথা গোঁজার স্থানের ব্যবস্থা করতে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। তিনি বলেন, “আমরা আপনাদের জন্য রাজনীতি করি। যতবার আমাদের দল দেশ পরিচালনা করেছে, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমরা সাধ্যমতো রক্ষা করার চেষ্টা করেছি।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রিয় কড়াইলবাসী, আমি জানি আপনারা এখানে বসবাস করতে অনেক কষ্ট করছেন। সেই সমস্যার সমাধান করতে আমরা ধাপে ধাপে কাজ করব। এখানে উঁচু বহুতল ভবন তৈরি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্ল্যাটগুলো সরাসরি এখানকার স্থায়ী বাসিন্দাদের নামে হস্তান্তর করা হবে।”
শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে তিনি বলেন, “আপনার সন্তানরা যাতে লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ পায়, সে ব্যবস্থা করা হবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং কড়াইল এলাকায় ক্লিনিক ও হাসপাতাল থাকবে।”
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বিষয়ে তারেক রহমান বলেন, “মা-বোনদের জন্য আমরা ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক সাহায্য নিশ্চিত করতে চাই। তবে সব কিছু আল্লাহর রহমতের ওপর নির্ভর করবে।”
নিজের ব্যক্তিগত আবেগ জানিয়ে তিনি বলেন, “আমি এই এলাকারই সন্তান। আগে ক্যান্টনমেন্টে থাকতাম। স্বৈরাচারের সময় আপনারা দেখেছেন কীভাবে বাড়ি ধ্বংস হয়েছিল। এখন আমি গুলশানে থাকি, আপনাদের আরও কাছে। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকব, কড়াইলবাসীর বিপদে-আপদে পাশে থাকব।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

