আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পরিচালনায় সাত দফা নির্দেশনা জারি করেছে।
রোববার(১৮ জানুয়ারি) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ সময় প্রচারণায় ব্যবহৃত সব উপকরণে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, প্রার্থীর ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে দলীয় প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপির সাত দফা নির্দেশনা
১. প্রচারণায় ব্যবহৃত ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, পোর্ট্রেট ছবি ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।
২. নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
৩. ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, পোর্ট্রেট ছবি ও ভোটার স্লিপ অবশ্যই সাদা-কালো রঙে মুদ্রণ করতে হবে। তবে বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত লেখা ও ছবি রঙিন হতে পারবে।
৪. ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির পাশাপাশি কেবল বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ব্যবহার করা যাবে।
৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ ছাড়া কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।
৬. একজন প্রার্থী একটি নির্বাচনি এলাকায় সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।
৭. নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের উড়ন্ত যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।
দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ প্রচারণা নিশ্চিত করতেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

