আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে আজ (বুধবার, ১৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে ১১ দলীয় জোট। এ লক্ষ্যে দুপুরে জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
১১ দলীয় জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুরের এই বৈঠকেই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। এর আগে সকাল থেকে জোটভুক্ত বিভিন্ন দল নিজ নিজ নির্বাহী পরিষদ ও নীতিনির্ধারণী ফোরামে বৈঠক করবে। সব প্রক্রিয়া শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘোষণা করা হবে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটি জানায়, বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই অধিবেশন শেষে জাতীয় নির্বাচন ও আসন সমঝোতা বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করা হবে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠকও মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। তবে বৈঠক শেষে দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন বা বার্তায় সাড়া দেননি।
তবে ১১ দলীয় জোটের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের বৈঠক শেষ হয়েছে। বুধবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্রটি আরও জানায়, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেও পৃথক আলোচনা করলেও সেখান থেকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
জোটের ভেতরে শেষ মুহূর্তের এই দফায় দফায় বৈঠককে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

