ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাকর্মীদের আনন্দ মিছিল, অন্যদিকে কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং মো. সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন মো. সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহ-সভাপতি, মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন সহ-সভাপতি, মো. রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।
কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা সালথা উপজেলার প্রাণকেন্দ্র লাভ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাভ চত্বরে এসে শেষ হয়। নবগঠিত কমিটির নেতারা আনন্দ মিছিলের মাধ্যমে নতুন দায়িত্ব পালনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
অপরদিকে, সালথা প্রেসক্লাবে কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত কয়েকজন নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সাইফুল আলম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকেও নতুন কমিটিতে তার নাম রাখা হয়নি। ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, মামলা-হামলা ও কারাভোগের বিষয় তুলে ধরেন তিনি।
সাইফুল আলম অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটি তৃণমূলের মতামতের প্রতিফলন নয়। তিনি কমিটিকে ‘একপেশে’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল, ফরিদপুর জেলা ছাত্রদল এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে কমিটি পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা প্রয়োজন। এ বিষয়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

