ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া গেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রাক-নির্বাচনী জরিপের ফল প্রকাশ করা হয়। “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬” শিরোনামের জরিপটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। জরিপ পরিচালনায় প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারাটিভ যৌথভাবে কাজ করেছে।
জরিপের প্রাথমিক ফলাফলে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় ৩৪ শতাংশের বেশি ভোটার, আর জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন প্রায় ৩৩ শতাংশের বেশি মানুষ। ভোটের সম্ভাব্য বণ্টনে বিএনপির সমর্থন ধরা হয়েছে ৩৪.৭ শতাংশ এবং জামায়াতে ইসলামীর ৩৩.৬ শতাংশ। সিদ্ধান্তহীন ভোটারের হার প্রায় ১৭ শতাংশ।
অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) পেতে পারে ৭.১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ শতাংশ এবং অন্যান্য দল মিলিয়ে ৪.৫ শতাংশ ভোট।
তবে মেশিন লার্নিং (এমএল) ভিত্তিক প্রজেকশন অনুযায়ী, সিদ্ধান্তহীন ভোটারদের সম্ভাব্য ঝোঁক যুক্ত করলে বিএনপির সমর্থন বেড়ে ৪৩.২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর সমর্থন ৪০.৮ শতাংশে পৌঁছাতে পারে।
জরিপে আরও উঠে এসেছে, মোট ভোটারের প্রায় ৮৬ শতাংশ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। এই প্রবণতা অব্যাহত থাকলে নির্বাচনে ভোটের লড়াই আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার প্রায় ২৯৫টি সংসদীয় আসনের ২২ হাজারের বেশি নিবন্ধিত ভোটার অংশ নেন। শহর-গ্রাম, অঞ্চল ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্তরভিত্তিক নমুনা পদ্ধতি অনুসরণ করা হয় এবং জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী পরবর্তী ওজন প্রয়োগ করা হয়েছে।
সামগ্রিক বিশ্লেষণে জরিপটি ইঙ্গিত দিচ্ছে, ২০২৬ সালের নির্বাচন হতে যাচ্ছে একদিকে অভিজ্ঞতা ও অর্থনৈতিক নিরাপত্তার রাজনীতি, অন্যদিকে সততা, ন্যায়বিচার ও মূল্যবোধভিত্তিক রাজনীতির মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। ভোটারদের বড় অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মুশতাক খান, বিডিজবসের প্রধান নির্বাহী একে এম ফাহিম মাশরুরসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

