বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আগামীকাল বা পরশুর মধ্যে করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
জামায়াত আমির বলেন, "আপনাদের আগামীকালের মধ্যে দাওয়াত দেওয়া হবে, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব।"
এ সময় তিনি ইইউ প্রতিনিধি দলের সংখ্যা প্রসঙ্গে বলেন, এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন এবং জেলা ও সিটি কর্পোরেশন এলাকার নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনের পরে দেশের স্বার্থে খোলা মনে আলোচনায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশের পাশাপাশি জামায়াত আমির শর্তও উল্লেখ করেছেন। তিনি বলেন, "নির্বাচন সম্পর্কে দায়ভার অন্যের ওপর চাপানো যাবে না। আমরা দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।"
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

