AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা। এ বিষয়ে তারা শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত আপত্তি জানান।

রাতে বিষয়টি নিশ্চিত করে স্বাক্ষরকারীদের একজন ও দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি কার্যত চূড়ান্ত হয়ে গেছে বলেই তারা উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে নেতারা বলেন, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে জামায়াতের রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। এ কারণেই তারা সম্ভাব্য জোটের বিরোধিতা করছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে জামায়াত ও তাদের ছাত্রসংগঠনের বিভাজনমূলক রাজনৈতিক ভূমিকা, অন্যান্য রাজনৈতিক দলে অনুপ্রবেশের অভিযোগ, এনসিপির ওপর অপকর্মের দায় চাপানোর চেষ্টা, ছাত্র রাজনীতিতে মিথ্যাচার ও অপপ্রচার, অনলাইন মাধ্যমে নারী নেত্রীদের চরিত্রহননের অভিযোগ এবং ধর্মকে ব্যবহার করে সামাজিক ফ্যাসিবাদের আশঙ্কা—সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

নেতারা আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময়কার অপরাধ বিষয়ে দলটির অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ।

চিঠিতে সতর্ক করে বলা হয়, জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এনসিপি নেতারা স্মরণ করিয়ে দেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি এবং ১২৫ জন প্রার্থী ঘোষণার পর হঠাৎ করে সীমিত কয়েকটি আসনের জন্য জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মনে করেন।

চিঠিতে আরও বলা হয়, জোটের সম্ভাবনার খবর প্রকাশের পর থেকেই দলের সমর্থক ও সংগঠকদের একটি বড় অংশ এনসিপির প্রতি সমর্থন প্রত্যাহারের মনোভাব দেখাচ্ছেন। এতে মধ্যপন্থি ও নতুন রাজনীতি প্রত্যাশী ভোটারদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

সবশেষে নেতারা আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি অনুরোধ জানান, জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে দলকে স্পষ্ট ও নীতিগত অবস্থান নিতে। তাদের মতে, কৌশল নির্ধারণ নীতির ভিত্তিতে হওয়া উচিত, কৌশলের অজুহাতে নৈতিক অবস্থান বিসর্জন দেওয়া সমীচীন নয়।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনীসহ মোট ৩০ জন কেন্দ্রীয় নেতা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!