ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায় একাধিক পরিবর্তন এনেছে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দলটি।
সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১২ আসন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আগে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, দলের আস্থা তৃণমূলের ত্যাগ ও সংগ্রামের ফল।
চট্টগ্রাম-১০ ও ১১ আসনেও পরিবর্তন এসেছে। চট্টগ্রাম-১০ আসনে আগে মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এখন চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার সময় চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন করে প্রার্থী করা হয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে।
যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরে সেখানে প্রার্থী করা হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে।
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে আগে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। পরিবর্তিত তালিকায় তার স্থানে প্রার্থী হয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
যশোর-৫ (মণিরামপুর) আসনে শুরুতে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোট সমঝোতার অংশ হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়।
যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিকভাবে মনোনীত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পরবর্তীতে তাকে বাদ দিয়ে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে প্রার্থী ঘোষণা করা হয়।
এদিকে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর)–এর সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

