রোববার (১৫ মে) শাহবাগ থানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। থানায় অভিযোগ দায়ের করেন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঢাকা আইন জেলা শাখা’র সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।
অভিযোগে বলা হয়েছে, শনিবার সকালে নুরুল হক নুরের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে শ্রীলঙ্কার মত হতে পারে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে আপত্তিকর (প্রকাশযোগ্য নয়) কথা বলা হয়েছে। এতে বঙ্গবন্ধুর প্রচুর সম্মানহানী হয়েছে।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, যে ফেসবুক পেজ থেকে এই পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমার নয়। এটা একটা ফেক পেজ। আমার মূল পেজেও এই ফেক পেজটি সম্পর্কে অবহিত করেছি। স্বাভাবিকভাবেই এই পোস্টটি আপত্তিকর। এই পেজটি কে বা কারা চালায় তা জানিনা না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এবিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
একুশে সংবাদ.কম/ঢ/জা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

