দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে সাত জেলার ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাতটি জেলা বন্যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব জেলার ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যার কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
সরকারি তথ্য বলছে, বন্যাকবলিত এলাকায় ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। সাত জেলার সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।
প্রাণহানির পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়, যেখানে প্রাণ হারিয়েছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সরকার ইতোমধ্যে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

