দেশে জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং অন্তত ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছেন। একই সময়ে নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন আরও ৭ জন।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৪ জন, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৭২ শতাংশই ছিল মোটরসাইকেল সংশ্লিষ্ট।
এ ছাড়া দুর্ঘটনায় ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২০ দশমিক ৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, যা মোট নিহতের ১৩ শতাংশ।
যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৪ জন, বাসের যাত্রী ২৭ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ৩৭ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী ১৪ জন, থ্রি-হুইলারের যাত্রী ১১২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৫ জন এবং রিকশা ও বাইসাইকেলের আরোহী ৮ জন নিহত হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১১৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৮ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৯টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী ঢাকায় জুন মাসে ৩২টি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার হার ও প্রাণহানির দিক থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ শীর্ষে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

