AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৯ পিএম, ২৯ জুন, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসন এবং কৃষিতে সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের জনগণ এবং সংসদ সদস্যদের তিস্তা ও পানিসংকট নিয়ে উদ্বেগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে এবং কৃষকদের পানির অধিকার নিশ্চিত করতে কাজ করেছে।

বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা দিতে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, “জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ, এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।”

কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

তিনি জানান, কৃষকদের জন্য একটি বিশেষ কৃষক কার্ড চালুর কাজ চলছে। এর মাধ্যমে প্রতি বছর সরাসরি আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আরও ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

চলচ্চিত্র, থিয়েটার, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ উদীয়মান খাতগুলোকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তার মতে, এসব খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সম্ভাবনা রয়েছে।

দেশে-বিদেশে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো জাতীয় সম্মানী কাঠামো চালুর ঘোষণা দেন সরকারপ্রধান।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় শিক্ষাক্রমে ‘স্পোর্টস’কে স্বাধীন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আদলে খেলাধুলার জন্য নতুন একটি প্রতিভা বিকাশ কর্মসূচিও চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে সরকার কাজ করছে।

শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ। অতীতের সংকট কাটিয়ে তরুণদের জন্য স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!