AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৮ পিএম, ২০ জুন, ২০২৬

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকেই ভবিষ্যতে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে শিশুদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বিভিন্ন খেলায়ও বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহায়তা দেবে। কেউ গান শিখতে চাইলে, ছবি আঁকতে চাইলে কিংবা কোরআন তেলাওয়াত শিখতে চাইলে তার জন্যও প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা হবে।”

খুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষায় দক্ষ হতে হবে। তাহলেই একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্য থেকেই উঠে আসবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে এবং অলিম্পিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় দেশের সাফল্য বাড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টারস কাপ’ চালু করা হবে। তিনি শিশুদের দেশের ক্রীড়া ও সংস্কৃতির দূত হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এদিন বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খুদে ফুটবলারদের প্রাণবন্ত নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!