দেশের প্রাথমিক শিক্ষার অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্বে উপস্থিত হয়ে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনালে খেলার সুযোগ অর্জন করেছে।
বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী এই ম্যাচটি সরাসরি উপভোগ করছেন।
এর আগে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে ১-০ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশ নিয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা দলগুলো ঢাকায় চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা বিকাশের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

