রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এলাকাটি নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুতগতিতে কাজ করছে এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পর তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।
পুলিশ বাহিনী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় পুলিশের কার্যক্রম নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, বর্তমানে বাহিনী দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সেই আস্থা পুনরুদ্ধার করছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দৃষ্টিতে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

