AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
টানা ৪ দিন বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

পশুরহাট ও ঘরে ফেরা মানুষের দুর্ভোগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫ পিএম, ২৬ মে, ২০২৬

পশুরহাট ও ঘরে ফেরা মানুষের দুর্ভোগ

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীজুড়ে যখন ঘরমুখো মানুষের ব্যস্ততা আর পশুর হাটে কেনাবেচার শেষ মুহূর্তের তোড়জোড় থাকার কথা, ঠিক তখনই টানা বৃষ্টি আর বজ্রসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাসে যেন ছন্দপতন ঘটেছে নগরজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনসহ টানা চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের ভারি বর্ষণে রাজধানীর অধিকাংশ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতায় সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। তবে বৃষ্টি উপেক্ষা করেই বাড়ির পথে ছুটেছেন হাজারো মানুষ। সিদ্দিক বাজার ও নর্থ-সাউথ রোড এলাকায় দক্ষিণাঞ্চলের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

অন্যদিকে বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর ঐতিহ্যবাহী ধোলাইখাল পশুর হাটেও। ঈদের আগ মুহূর্তে যেখানে ক্রেতাদের কোলাহলে মুখর থাকার কথা, সেখানে অনেকটাই ফাঁকা দেখা গেছে হাট। ফরিদপুরের সদরপুর থেকে আসা গরু ব্যবসায়ী আব্দুল কাদের জানান, চারটি উন্নত মানের গরু নিয়ে এলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তার ভাষায়, গত বছরের তুলনায় এবার বাজার অনেক দুর্বল।

একই চিত্র পটুয়াখালীর দশমিনা থেকে আসা সোহাগ ব্যাপারীর কণ্ঠেও। ৬৪টি গরু নিয়ে হাটে এলেও কম দামে ৩০টি বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। বাকি গরুগুলো নিয়েও দুশ্চিন্তায় আছেন। ব্যবসায়ীদের মতে, অর্থনৈতিক চাপে অনেক ক্রেতাই এবার তুলনামূলক কম দামের পশু খুঁজছেন। এদিকে টানা বৃষ্টিতে পশুর হাটের ভেতর কাদাপানি জমে হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে। গরু নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাপারীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তি মিললেও জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈদের আনন্দের প্রস্তুতির মাঝেও তাই এবার প্রকৃতির বৈরী রূপ যেন মানুষের স্বস্তিকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!