মাদারীপুরের কালকিনি চলমান গরুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমা বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন। ২৫শে মে (সোমবার) রাত ৯ টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন ঐ এলাকার মৃত মুক্তিযোদ্ধা জালাল শিকদারের ছেলে নাসির শিকদার (৪০) ও সাদেম আলী শিকদারের ছেলে হাসান আল মামুন (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুর হাটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নাসির শিকদার ও ইমরান শিকদারের মধ্যে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে ইমরান শিকদারের ভাই বিল্লাল শিকদার এসে নাসির শিকদারের উপর হামলা চালায়।
এসময় মামুন শিকদার নাসির শিকদারকে বাঁচাতে এগিয়ে আসলে তার উপরও হামলা করে ইমরান ও তার ভাই। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, “এ ঘটনায় আহতদের পক্ষ হতে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

