জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে আরও একধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের ছাদে স্থাপিত সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের সূচনা প্রমাণ করে যে সরকার শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তব প্রয়োগের দিকেও গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। বাংলাদেশ বর্তমানে জলবায়ু সংকটের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তাই পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি।
সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের সামগ্রিক জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

