পানিসম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর সঙ্গে দেশের ভাগ্য জড়িত।”
শনিবার (২৩ মে)জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে নোঙর ট্রাস্ট আয়োজিত “জাতীয় নদী দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে ছোট-বড় প্রায় ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং প্রতিটি নদীই একটি জীবন্ত সত্তা। নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নদী রক্ষা ও ব্যবস্থাপনায় জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন এবং পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল এবং দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার কৃষি, মৎস্য, জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে এবং নদীগুলোর নাব্যতা ফিরবে।
তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে দ্রুত প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।
নোঙর ট্রাস্ট–এর চেয়ারম্যান সুমন শামস–এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিছুর রহমান খোকন এবং অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। এছাড়াও নদী গবেষক ও নদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

