ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশালের প্রশাসক বিলকিস জাহান শিরীনসহ ১৩টি সিটি করপোরেশনের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেলে বাসভবনে আসরের নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী পায়ে হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান এবং সেখানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

