পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (২২ মে) বিক্রি করা হবে আগামী ১ জুনের ট্রেনযাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে প্রণীত বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র ট্রেনযাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এছাড়া ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

