প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামোতে থাকছে না এবং বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না। নামও সম্ভবত পালটে যাচ্ছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের অপশনের কথা জানিয়েছেন।”
তিনি আরও বলেন, র্যাব পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি তোলে।
এর আগে সোমবার (১৮ মে) র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।”
এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। তবে সেটি র্যাব নামে হোক বা অন্য কোনো নামে—তার জন্য সুস্পষ্ট আইন ও জবাবদিহিতামূলক কাঠামো থাকা জরুরি।
সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

