পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে রোববার (১৭ মে) ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বিক্রি হচ্ছে ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের ঘোষণায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। এর আগে ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না।
অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ সামনে রেখে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

