পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৫ মে) বিক্রি হচ্ছে ২৫ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদকে সামনে রেখে ১৩ মে থেকে টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৬ মে বিক্রি করা হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
এছাড়া ঈদের অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

