চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম নাসরীন জাহান (৩৭)। তিনি গাজীপুর সদরের বাসিন্দা এবং বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী ছিলেন। গত মঙ্গলবার (১২ মে) মদিনায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

