পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত স্বল্প কর পরিশোধে এসব যানবাহন আমদানি করা যাবে।
রোববার (৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এ উদ্যোগের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ ও আধুনিক পরিবহন ব্যবস্থার প্রসার।
সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় অন্তত ১৭ আসনবিশিষ্ট নতুন ইলেকট্রিক বাস আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য কাজে ব্যবহারের ক্ষেত্রে এসব বাসের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। তবে ভ্যাট ছাড়া অন্যান্য শুল্ক—যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে মোট করভার সীমিত হয়ে দাঁড়াবে ১৫ শতাংশে।
একই ধরনের সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এই বিশেষ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

