AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৪ পিএম, ২ মে, ২০২৬

ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব

রোববার (৩ মে) থেকে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হবে।

শনিবার (২ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিন চলবে—যা আগেরবারের তুলনায় এক দিন বেশি।

সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশনও অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত সচিব জানান, ওসমানী স্মৃতি মিলনায়তনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং বাকি চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন, আইন-বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।

সম্মেলনের অংশ হিসেবে ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।

মো. হুমায়ুন কবির বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে জেলা প্রশাসকদের যে আইনগত, প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা এই সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!