বন্যা ও আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করছে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওর অঞ্চলের ছয় জেলা—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আগামী ৩ মে থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। আগে এ কার্যক্রম শুরুর তারিখ নির্ধারিত ছিল ১৫ মে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
চলতি বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গমও প্রতি কেজি ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।
সরকারি এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

