ঢাকার আশুলিয়ায় বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ মো. আফজাল হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। মঙ্গলবার দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ-মাদ্রাসা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মো. আফজাল হোসেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শটারগান, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জাম হিসেবে ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র জব্দ করা হয়।
ডিবি (উত্তর) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন, তিনি পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

