চাঁদাবাজি ও হুমকির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক ডা. কামরুল ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মঈন উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে আসছিলেন। বিষয়টি সামনে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
ডা. কামরুল ইসলাম অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী ও সম্ভাব্য কমিশনার প্রার্থী পরিচয় দিয়ে হাসপাতালের বিভিন্ন সরবরাহ কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এমনকি অতিরিক্ত মূল্যে সেবা চাপিয়ে দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও বলেন, অনিয়ম বন্ধ করার পর ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে হুমকি দিতে শুরু করেন। সর্বশেষ শুক্রবার সকালে হাসপাতালে এসে কিছু লোকজন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয় এবং আপত্তিকর স্লোগান দেওয়া হয়।
এর আগে গত ২৯ মার্চ একই ধরনের ঘটনার পর ৩০ মার্চ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও জানান তিনি।
ডা. কামরুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠান ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি)’ গত ১৭ বছরে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছে। এছাড়া রোগী ও কর্মীদের জন্য বিনামূল্যে তিন বেলা খাবারের ব্যবস্থাও রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

