মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে সেখানেই দাফন করা হয়েছে।
এদিন সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছায়। ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে তিনি নিহত হন বলে জানা গেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৩৭ মিনিটে তার মরদেহ দেশে আনা হয়।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। শাহ আলমের দাফন সম্পন্ন করতে তার পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, সংঘাতের কারণে কর্মহীন হয়ে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে যারা এখনো মধ্যপ্রাচ্যে আটকে আছেন, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

