মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে আকাশপথে অনিশ্চয়তা বাড়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫-এ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জটিলতা অব্যাহত থাকায় শারজা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন একটি ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার শারজা রুটে আসা-যাওয়ার দুটি এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্যগামী ও ফিরতি দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে সংকটের মধ্যেও কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। এদিন বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৯টি আগমন (অ্যারাইভাল) ও ৬টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট পরিচালিত হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী ও যাত্রী বিপাকে পড়েছেন। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

