AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রয়োজনে কুয়েতে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৯ এএম, ৩ এপ্রিল, ২০২৬

প্রয়োজনে কুয়েতে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। সাক্ষাতে কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন হলে কুয়েতকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত হামাদাহ জানান, চলমান পরিস্থিতিতে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তাদের সরকার কৃতজ্ঞ।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংঘাত পরিস্থিতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কুয়েতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করায় তিনি ধন্যবাদ জানান।

এ সময় তিনি জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটে কুয়েতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র চিহ্নিত করা, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশ-কুয়েত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশে অবস্থানরত নাগরিকদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!