বাংলাদেশ থেকে অধিকসংখ্যক দক্ষ ও আধা-দক্ষ কর্মী নেওয়ার জন্য মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট ১২ মার্চ থেকে পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং শ্রমবাজারে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনার বিষয়েও মত বিনিময় হয়।
মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্যখাতে আরও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। অন্যদিকে, বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়টি প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

